অবসর ঘোষণার দিনেও সেই বেঙ্গালুরু ম্যাচের কথা স্মরণ করলেন মাহমুদউল্লাহ

 

অবসর ঘোষণার দিনেও সেই বেঙ্গালুরু ম্যাচের কথা স্মরণ করলেন মাহমুদউল্লাহ



১৭ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারকে বিদায় বলে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১২ অক্টোবর ভারতের বিপক্ষে চলমান সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে এই ফরম্যাট থেকে অবসর নেবেন তিনি। মঙ্গলবার (৮ অক্টোবর) দলের হয়ে সংবাদ সম্মেলনে এসে অবসরের কথা জানিয়েছেন রিয়াদ।



অবসর ঘোষণার দিনে মাহমুদউল্লাহ কথা বলেছেন অনেক বিষয় নিয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে তার যাত্রা, অবসর নেয়ার কারণ, বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি দলের অবস্থা নিয়ে নিজের মতামত জানিয়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের সবচেয়ে উজ্জ্বল এবং হতাশাজনক মুহূর্ত কোনটা, এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি।   

 ক্যারিয়ারের সবচেয়ে হতাশাজনক মুহূর্তের কথা বলতে গিয়ে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ-ভারত ম্যাচের কথা স্মরণ করেছেন মাহমুদউল্লাহ। সে ম্যাচের শেষ ৩ বলে ২ রান নিতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। ২ বলে যখন ২ রান দরকার, তখন বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে আউট হয়েছেন রিয়াদ। রিয়াদ তো বটেই, বাংলাদেশ ক্রিকেটের অনেক ভক্তের কাছেই এই ম্যাচটির ফলাফল সবচেয়ে হতাশার। তবে ম্যাচটিকে তার জীবনের অনেক বড় শিক্ষা বলেও অভিহিত করেছেন তিনি।  
 
মাহমুদউল্লাহ বলেন, ‘২০১৬ বেঙ্গালুরু…হতাশাজনক এবং জীবন বদলে ফেরার মতো মুহূর্ত। কারণ আমার জন্য সেটা ছিল অনেক বড় শিক্ষা।’
টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা মুহূর্ত হিসেবে নিদাহাস ট্রফির দ্বিতীয় লেগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিকে অভিহিত করেছেন রিয়াদ। সেই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ৪৩ রান করেছিলেন তিনি। শেষ ২ বলে যখন ৬ রান দরকার, তখন ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন রিয়াদ।

Post a Comment

Previous Post Next Post